
মোঃ জুয়েল মাটার,নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এরশাদের বিরুদ্ধে সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম,তথ্য গোপন এবং স্বচ্ছতার অভাবের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি,তাঁর দায়িত্বকালীন সময়ে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তথ্য জনসম্মুখে প্রকাশ না হওয়ায় সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়ে জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে।
অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়িত গ্রামীণ সড়ক সংস্কার ও মেরামত,মাটি ভরাট,কালভার্ট ও ড্রেন নির্মাণ,শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন,আশ্রয়ণ ও দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন,মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান এবং জিআর খাদ্যশস্য বিতরণসহ একাধিক প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন ও আনুষ্ঠানিক যাচাই এখনো সম্পন্ন হয়নি।
স্থানীয়দের অভিযোগ,কয়েকটি প্রকল্পে কাগজে-কলমে শতভাগ কাজ সম্পন্ন দেখানো হলেও বাস্তবে কাজের মান ও পরিমাণ নিয়ে প্রশ্ন রয়েছে। এছাড়া অসমাপ্ত কাজের বিপরীতে বিল পরিশোধ,ঠিকাদারি কার্যক্রমে অনিয়ম এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার অভাবের অভিযোগও তুলেছেন তারা।
অভিযোগকারীরা আরও জানান, চলতি অর্থবছরের প্রকল্প তালিকা,বরাদ্দ,কার্যাদেশ ও বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে তথ্য চাইলেও তা সরবরাহ করা হয়নি। তাদের দাবি,সংশ্লিষ্ট ওয়েবসাইটেও প্রকল্পসংক্রান্ত তথ্য নিয়মিত হালনাগাদ না থাকায় কোন প্রকল্পে কত অর্থ বরাদ্দ হয়েছে এবং কাজ কতদূর এগিয়েছে,সে বিষয়ে সাধারণ মানুষের পক্ষে জানা কঠিন হয়ে পড়েছে।
প্রতিবেদকের পক্ষ থেকে সংশ্লিষ্ট পিআইও এর কার্যালয়ে গিয়ে তাঁর বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। কার্যালয়ে উপস্থিত এক সহকারী কর্মকর্তার সঙ্গে কথা হলেও অভিযোগগুলোর বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। পরে মুঠো ফোনে একাধিকবার যোগা-যোগ করার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত পিআইওর বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সদর দক্ষিণ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর সঙ্গে যোগাযোগ করা হলে,তিনি অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহে সহযোগিতার কথা জানান। তবে অভিযোগকারীদের দাবি,এরপরও নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট পিআইও এর পক্ষ থেকে কোনো ব্যাখ্যা বা তথ্য দেওয়া হয়নি।
এলাকাবাসীর দাবি,সদর দক্ষিণ উপজেলার পিআইও এর অধীনে বাস্তবায়িত সব উন্নয়ন প্রকল্পের বরাদ্দ,কার্যাদেশ,পরিমাপ বই (Measurement Book), বিল-ভাউচার এবং বাস্তবায়ন অগ্রগতির নিরপেক্ষ নিরীক্ষা করা হোক। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশন (দুদক),দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
বিস্তারিত তথ্য,নথিপত্র ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব প্রকাশিত হবে।