
মো:-জুয়েল মাষ্টার, নিজস্ব প্রতিনিধি।
মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান করে মানবসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ভোলা জেলা পুলিশের সদস্য কনস্টেবল মোঃ জুবায়ের।
গত ২৯ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে ভোলা সদর হাসপাতালে ক্যান্সারজনিত টিউমারে আক্রান্ত একজন রোগীর চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ‘এবি পজিটিভ’ (AB+) গ্রুপের রক্তের প্রয়োজন হলে কনস্টেবল মোঃ জুবায়ের স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে এগিয়ে আসেন।
তার এই মানবিক ও প্রশংসনীয় উদ্যোগের স্বীকৃতিস্বরূপ আজ ৩১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় কনস্টেবল মোঃ জুবায়েরকে শুভেচ্ছা উপহার প্রদান করেন এবং এ ধরনের মানবিক কার্যক্রমে উদ্বুদ্ধ হওয়ার জন্য তাকে উৎসাহিত করেন।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের সদস্যরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন।
কনস্টেবল মো:-জুবায়েরের এই উদ্যোগ ভোলা জেলা পুলিশের মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও জনকল্যাণমূলক কার্যক্রমের প্রতিফলন।