
মো: জুয়েল মাষ্টার,নিজস্ব প্রতিনিধি।
১৮টি জাল নোট উদ্ধার!৫ হাজার টাকা জরিমানাও, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড
ভোলায় জাল নোট রাখার দায়ে সাহিদা বেগম (৪৫) নামের এক নারীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাঁকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) ভোলার স্পেশাল ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ এস এম তারিক শামস এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত সাহিদা বেগম ভোলার বোরহানউদ্দিন উপজেলা,কাচিয়া ইউনিয়ন,ওয়ার্ড নং ১ এর মো. জাহাঙ্গীর হোসেনের স্ত্রী।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৫ মে দুপুরে বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সাহিদা বেগমকে আটক করে পুলিশ।এ সময় তাঁর কাছ থেকে ৫০০ টাকা মূল্যমানের ১৮টি জাল নোট উদ্ধার করা হয়। এর মধ্যে একই সিরিজের ১১টি এবং অন্য একটি সিরিজের সাতটি জাল নোট ছিল।
এ ঘটনায় ওই দিনই বোরহানউদ্দিন থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) অশোক কুমার বর্মন বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায়,আদালত ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(ই) ধারায় সাহিদা বেগমকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেন।